আরব অঞ্চলের দেশগুলোর ওপর নির্বিচার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে চলমান যুদ্ধে ইরানের “সর্বোচ্চ পরাজয়” ঘটতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরব। রোববার (৮ মার্চ) তেহরানের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে রিয়াদ এ হুঁশিয়ারি দেয়।


গত শনিবার সৌদি আরবের বড় তেলক্ষেত্র শায়েবাহ অয়েল ফিল্ড-এ ইরানি ড্রোন হামলার অভিযোগ ওঠে। একদিন পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ইরানকে সতর্ক করে এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর বক্তব্য ও বাস্তব পদক্ষেপের মধ্যে অমিল থাকার বিষয়টিও তুলে ধরে।


বিবৃতিতে বলা হয়েছে, কোনো বাস্তব ভিত্তি ছাড়া ইরান আরব দেশগুলোকে লক্ষ্য করে যুক্তিহীন ও নির্বিচার হামলা চালাচ্ছে। যদিও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।


সৌদি কর্তৃপক্ষ আরও জানায়, ইরান যদি এ ধরনের হামলা চালিয়ে যায়, তবে চলমান সংঘাতে দেশটির জন্য তা বড় ধরনের পরাজয়ের কারণ হতে পারে। পাশাপাশি রিয়াদ ও তেহরানের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কের ওপর এর গভীর প্রভাব পড়তে পারে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর সৌদি আরব প্রথমবার সরাসরি ইরানকে সতর্কবার্তা দিয়েছে।