ইরানের সঙ্গে বাণিজ্য সহজ করতে নতুন ট্রানজিট করিডর চালু করেছে পাকিস্তান। মার্কিন নৌ-অবরোধ পরিস্থিতির মধ্যেই এই পদক্ষেপকে তেহরানকে সহায়তার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য কার্যক্রম সহজ করার লক্ষ্যে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে তৃতীয় দেশ থেকে আমদানি করা পণ্যও এখন পাকিস্তানের মধ্য দিয়ে ইরানে পাঠানো সম্ভব হবে। খবর বিবিসির।

নতুন ব্যবস্থায় করাচিসহ ছয়টি নির্ধারিত রুট ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এতে আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর ও দ্রুত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ঘোষিত রুটগুলোর মধ্যে রয়েছে গাবদ-গোয়াদার, গাবদ-পাসনি-ওরমারা-করাচি/পোর্ট কাসিম, তাফতান-দালবান্দিন-খুজদার-করাচি/পোর্ট কাসিমসহ মোট ছয়টি প্রধান বাণিজ্য পথ।

এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সাম্প্রতিক সময়ে ইরানে পাঠানোর জন্য প্রস্তুত থাকা তিন হাজারেরও বেশি কনটেইনার করাচি বন্দরে আটকে ছিল বলে জানা গেছে। নতুন করিডর চালু হওয়ায় এই জট দ্রুত নিরসন হবে বলে আশা করা হচ্ছে।