ইরানের শিরাজ শহরে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে শিরাজের জিবাশহর এলাকায় একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং সংলগ্ন খেলার মাঠ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে। এতে কর্তব্যরত অবস্থায় দুইজন স্বাস্থ্যকর্মী নিহত হন।
অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ মানুষের সংখ্যাও বেশি বলে জানা গেছে।
হামলায় আহত অন্তত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





