যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো সাম্প্রতিক হামলা ছিল দীর্ঘ ১৫ বছরের পরিকল্পনার ফল। তিনি বলেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচিত এই অভিযানে ব্যবহৃত অস্ত্রগুলো বিশেষভাবে ফরদোর পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য নকশা, প্রস্তুতি ও সরবরাহ করা হয়েছিল।
এক বিবৃতিতে জেনারেল কেইন জানান, হামলার সময় ফরদো স্থাপনায় দুটি ভেন্ট শ্যাফ্টকে লক্ষ্যবস্তু করা হয়। ইরান ওই শ্যাফ্টগুলো কংক্রিট দিয়ে ঢেকে দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, অভিযানে মোট ছয়টি বোমা ফেলা হয়েছিল, যার একটি বিস্ফোরণের ভিডিও তিনি নিজে প্রদর্শন করেন।
এর আগে গত শনিবার (২১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলার ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়। বিশেষ করে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিগুলো ছিল ইরানের লক্ষ্যবস্তু।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত যুদ্ধবিরতির উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সূত্র: বিবিসি, আল জাজিরা





