ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের রামাল্লাভিত্তিক কর্তৃপক্ষ। তবে একইসঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দফতর জানায়, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে এই উদ্যোগ পূর্ণতা পাবে তখনই, যখন গাজাও এর আওতায় অন্তর্ভুক্ত হবে এবং সেখানে হামলা বন্ধ হবে।”
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল নতুন করে কমপক্ষে ৫ হাজার ৭৫৯ জনকে হত্যা এবং ১৯ হাজার ৮০৭ জনকে আহত করেছে।
আল-জাজিরার বরাতে জানা গেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং মানবিক সহায়তা নিশ্চিত করা হয়। তারা সতর্ক করে বলেছে, “গাজায় চলমান গণহত্যা বন্ধে বিলম্ব হলে তা গোটা অঞ্চলে আরও বড় সংকট সৃষ্টি করতে পারে।”





