মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ঘনীভূত হওয়ায়, ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে চীন ও ভারত। মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে দ্য চীনা নিউজ সার্ভিস এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরা।
\r\nচীনের রাষ্ট্র পরিচালিত চীনা নিউজ সার্ভিস জানায়, প্রথম দফায় চীনা নাগরিকদের একটি দল তেহরান থেকে স্থলপথে তুর্কমেনিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। চলমান নিরাপত্তাজনিত ঝুঁকি মাথায় রেখে নাগরিকদের সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়া শুরু করা হয়।
\r\nঅন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তেহরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, যারা নিজের ব্যবস্থায় শহর ছাড়তে পারবেন, তাদেরও নিরাপত্তার স্বার্থে শহর ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
\r\nবিবৃতিতে আরও বলা হয়, কিছু ভারতীয় নাগরিককে আর্মেনিয়ার সীমান্ত হয়ে ইরান থেকে সরিয়ে নেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
\r\nগত শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলা এখন রূপ নিয়েছে ভয়াবহ সংঘাতে। দুই দেশই পরস্পরের ওপর ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে, যাতে দুই পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছেন। পরিস্থিতির অবনতির জেরে অঞ্চলটিতে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।
\r\nবিশ্লেষকদের আশঙ্কা, চলমান উত্তেজনা আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।





