ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর একাধিক দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনগামী এসব নির্ধারিত ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় এসব রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।
যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক এই ফ্লাইট বাতিলে প্রবাসী শ্রমিক ও ট্রানজিট যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। অনেকেই টিকিট পুনর্নির্ধারণ ও টিকিট ফেরত নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এয়ারলাইন্সগুলো যাত্রীদের সহায়তায় বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।





