ইরানে নতুন করে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়ে ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সেনাসদস্যরা। বিক্ষোভ চলাকালে পুলিশ অন্তত ৬০ জনকে আটক করেছে।
সোমবার (২০ এপ্রিল) ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে ‘অ্যাবাউট ফেস’ নামের সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ শুরু না করে বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করতে হবে।
সাবেক সেনাসদস্যরা বলেন, ইরান ইস্যুতে যুদ্ধপন্থী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। তাদের মতে, যুদ্ধ ঠেকানোর সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ইরাক যুদ্ধের অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পান বলে জানান। তাদের অভিযোগ, অতীতের মতোই এবারও রাজনৈতিক ও কৌশলগত অজুহাতে নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করা হচ্ছে।
পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ বিক্ষোভকারীদের স্থান ত্যাগের নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে বলপ্রয়োগ করে অন্তত ৬০ জনকে আটক করা হয়। ঘটনার পর কংগ্রেস ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিক্ষোভে শুধু সাবেক সেনাসদস্যরাই নয়, যুক্তরাষ্ট্রে কর্মরত সেনাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। তারা যুদ্ধকে অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত রাজনৈতিক সমাধানের আহ্বান জানান।





