গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
\r\nগত ২৪ ঘণ্টার এই হামলায় আহত হয়েছেন আরও ১৫৩ জন। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২,৩১৪ জনে। আহত হয়েছেন মোট ১,১৭,৭৯২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক আহত ব্যক্তিকে এখনও হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
\r\nবিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, কারণ ইসরায়েলি বাহিনী অনেক এলাকা ঘিরে রেখেছে এবং উদ্ধারকাজ চালাতে যাওয়া স্বেচ্ছাসেবকরা হামলার শিকার হচ্ছেন।
\r\nঅন্যদিকে, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরায়েল তাদের হামলা পুনরায় জোরালো করার পর থেকে এ পর্যন্ত আরও ২,২২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫,৭০০ জনেরও বেশি।
\r\nএমন পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা সব জিম্মির মুক্তির বিনিময়ে এক ধাপে পাঁচ বছরের যুদ্ধবিরতিতে সম্মত। শনিবার (২৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে হামাসের এক কর্মকর্তা জানান, \"হামাস এখন একবারেই পূর্ণ বন্দি বিনিময় এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।\"
\r\nতিনি আরও জানান, এই প্রস্তাব নিয়ে কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে হামাসের প্রতিনিধিদলের।
\r\nউল্লেখ্য, এর আগে ইসরায়েল ৪৫ দিনের একটি আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যেখানে ১০ জন জীবিত জিম্মির মুক্তির শর্ত রাখা হয়েছিল। ১৭ এপ্রিল হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সংগঠনটি শুরু থেকেই স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়ে আসছে।





