ইসরাইলের বিমান হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আরও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।


এই হামলা লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবাননজুড়ে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।


বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরাইল রাষ্ট্রের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে দেওয়া হবে না এবং এই হামলার জোরালো ও কঠোর জবাব দেওয়া হবে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েহ এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে ইসরাইলি যুদ্ধবিমানগুলো ব্যাপকভাবে বোমাবর্ষণ করছে।


এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইসরাইলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।