ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই দেশ একে অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণা বিনিময় করে থাকে।
ভেরোনায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির সময়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০০৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় এবং প্রতি পাঁচ বছর পরপর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতা চলছিল।
গাজায় চলমান সামরিক অভিযানের পর থেকে ইতালিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ বৃদ্ধি পায় এবং সরকারের ওপর রাজনৈতিক চাপও বাড়ে।
এর আগে গত সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া এক ভাষণে মেলোনি জানান, গাজা পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়নের কিছু নিষেধাজ্ঞা সমর্থন করতে পারে ইতালি। তিনি বলেন, ইসরায়েলের কিছু পদক্ষেপ মানবিক সীমা অতিক্রম করেছে এবং এতে বেসামরিক প্রাণহানি ঘটছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের সময় ইতালি তাদের সিগোনেলা ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান অবতরণের অনুমতি দেয়নি বলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।





