ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এই আগ্রাসনের নিন্দা জানিয়ে বিশ্বের অন্তত ১২০টি দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমাদের অবস্থান ছিল যথেষ্ট যৌক্তিক ও শক্তিশালী। আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণ বুঝতে পেরেছে, আমরা সঠিক অবস্থানে ছিলাম।” তিনি বলেন, “এই ব্যাপক সমর্থন আমাদের বৈধতা নিশ্চিত করেছে।”

আরাগচি জানান, ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামি নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। তবে তিনি জোর দিয়ে বলেন, “অনেকে বলেন, আলোচনার কারণেই যুদ্ধ হলো—কিন্তু বাস্তবতা হলো, আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না। বরং, আলোচনার মাধ্যমেই আমরা নিজেদের অবস্থান আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে পেরেছি।”

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলা চালায়। ১২ দিনব্যাপী সেই অভিযানের পর ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালু করে। এতে তারা দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি বাহিনী।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

সূত্র: মেহর নিউজ এজেন্সি