তেলআবিব, ২২ জুলাই — আবারও ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার ভোরে তারা ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদেই এই অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন, “এই সামরিক অভিযান সফল হয়েছে। ইসরায়েলি দখলদাররা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে গেছে।”

সারি আরও বলেন, “আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। যতক্ষণ না গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ এই প্রতিরোধ চলবে।”

হামলার পর মঙ্গলবার ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে হুথি গোষ্ঠী জানিয়েছে, এটি ছিল গাজায় চলমান দমন-পীড়নের জবাবে তাদের ধারাবাহিক প্রতিরোধের অংশ। সূত্র: প্রেস টিভি