গাজা ও লেবাননে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলে বিরল হান্টাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। ঘটনাটি সামনে আসার পর দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি পূর্ব ইউরোপ ভ্রমণ শেষে দেশে ফেরেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তিনি ভাইরাসে সংক্রমিত হয়েছেন। শরীরে উপসর্গ দেখা দিলে তিনি চিকিৎসা নেন এবং পরবর্তী পরীক্ষায় হান্টাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়নি, তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। তাদের লালা, মূত্র বা বিষ্ঠা থেকে ছড়ানো কণা শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে। এই ভাইরাসে শ্বাসতন্ত্র ও কিডনিতে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এই ভাইরাসের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। তাই দ্রুত শনাক্তকরণ ও সংক্রমণ প্রতিরোধই সবচেয়ে কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং যুক্তরাষ্ট্রের সিডিসি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য এই ভাইরাসে সংক্রমণের ঝুঁকি এখনো তুলনামূলকভাবে কম।





