জামালপুরের ইসলামপুরে অটল মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় টারজান নামে এক ব্যক্তির অব্যবহৃত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


\r\n

নিহত অটল মিয়া ওই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। বিষয়টি ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান নিশ্চিত করেছেন।


\r\n

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে অটলের মা জামালপুর শহরে বসবাস করেন। অটল তার স্ত্রী-সন্তান নিয়ে বগুড়ায় থাকতেন। কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তিনি রাগ করে জামালপুরে চলে আসেন এবং ফুফাতো ভাই টারজানের অব্যবহৃত বাড়িতে ওঠেন। টারজান তখন ঢাকা থেকে এসে বাড়ির চাবি বুঝিয়ে দিয়ে ফিরে যান। এরপর থেকে দুই দিন ধরে অটল ওই বাড়িতেই অবস্থান করছিলেন।


\r\n

শুক্রবার সকালে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকতে গেলে ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


\r\n

ওসি আ ফ ম আতিকুর রহমান জানান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, একদিন আগে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ সুরতহাল শেষে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।