ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ওমর ফারুক খান। তিনি এতদিন ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছিলেন। তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—অর্থাৎ ৩০ জুলাই ২০২৮ সাল পর্যন্ত—তিনি এ পদে বহাল থাকবেন।
রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক চিঠিতে তার নিয়োগের অনুমোদন নিশ্চিত করা হয়।
জানা গেছে, গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেন ওমর ফারুক খান। পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ন্ত্রক সংস্থা তার নিয়োগ চূড়ান্ত করে।
২০২3 সালের সেপ্টেম্বরে তিনি ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। তার আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং খাতে ওমর ফারুক খানের ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন, জোনাল অফিস এবং গুরুত্বপূর্ণ শাখাসমূহে নেতৃত্ব দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে নিজের পেশাগত যাত্রা শুরু করেন তিনি। দক্ষতা উন্নয়নে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। ওমর ফারুক খানের নিয়োগে ব্যাংকটির পরিচালনা ও অপারেশনাল কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





