ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যাংকটির আমানতকারীরা অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
সোমবার বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের সামনে আয়োজিত মানববন্ধন শেষে ইসলামী ব্যাংক রক্ষা আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ডা. মো. আবুল হোসেন ও ডা. কল্যাণ মহিউদ্দিন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। প্রবাসী আয় আহরণ, ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন, শিল্প-বাণিজ্যে বিনিয়োগ এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে ব্যাংকটির অবদান উল্লেখযোগ্য।
তবে বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ব্যাংকটির আর্থিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
আমানতকারীরা ব্যাংকটির স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করা, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এছাড়া ইসলামী ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে পুনর্গঠনের আহ্বান জানানো হয়। আমানতকারীদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।





