ইসলামী মূল্যবোধকে ভিত্তি করেই বিএনপি রাজনীতি পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানার পাশের মিল ব্যারাকে আল ইশতেহার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধের ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি একই আদর্শ অনুসরণ করে রাজনীতি করে যাচ্ছে।
শরিফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তিনি ছিলেন একজন সাহসী, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ। তার আত্মত্যাগ রাজনীতিতে যুগের পর যুগ অনুপ্রেরণা হয়ে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার দেশপ্রেম ও ত্যাগ স্মরণ করা হবে।
ইশরাক হোসেন অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশ শাসন করেছে, যারা বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছে। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই শক্তির পতন ঘটিয়ে একটি নতুন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে।
তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে ধারণ করেই বিএনপি ভবিষ্যতে দেশ পরিচালনার রাজনীতি করবে।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সমস্যাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সেগুলোর সমাধানে কাজ করা হবে।





