মালয়েশিয়া–এ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)। দেশটির রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ ঘোষণা দেন।

দেশটির সংবাদমাধ্যম মালে মেইল জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে সোমবার (১৮ মে)। সে অনুযায়ী ১০ জিলহজ অর্থাৎ পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

ঈদের তারিখ ঘোষণার আগেই দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলিমরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন কোরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

রাজধানী কুয়ালালামপুর ছাড়াও সেলাঙ্গর, পেনাং ও জোহরসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদকে ঘিরে নানা আয়োজন করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা প্রকাশ করেছেন তারা।