জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশিদ পিন্টুর বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, পবিত্র ঈদ উপলক্ষে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় দেশের ভূমিহীন, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর অংশ হিসেবে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদে ১ হাজার ২৯৪টি পরিবারের জন্য মোট ১২ মেট্রিক টন ৯৪০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে “Oafs Roxy” নামের একটি ফেসবুক আইডি থেকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি ভিডিও ও সংক্ষিপ্ত পোস্ট প্রকাশ করা হয়। সেখানে অভিযোগ করা হয়, নির্ধারিত ১০ কেজি চালের পরিবর্তে অনেক উপকারভোগী ৬, ৮ বা ৯ কেজি করে চাল পাচ্ছেন। সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে ধারণ করা একটি ভিডিওতে এসব অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে তিলকপুর ইউনিয়নের ছাত্র ও যুবসমাজ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তারা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত তিলকপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশিদ পিন্টু। তিনি বলেন, পরিষদের বাউন্ডারির ভেতরে কোথাও চাল কম দেওয়া হচ্ছে—এমন প্রমাণ পাওয়া গেলে পরিষদ তার দায়ভার নেবে। তবে কিছু যুবক ইউনিয়ন পরিষদ থেকে প্রায় আড়াই থেকে তিনশ ফুট দূরে একজনের বাড়ির সামনে চাল মাপামাপি করছে। পরিষদের বাইরে কোথায় কী হচ্ছে তার দায়ভার পরিষদের নয়। তিনি দাবি করেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও জানান, চাল বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, এ বিষয়ে একজন ফোনে অবহিত করেছেন। সকাল থেকেই সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার রয়েছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





