রাজশাহীর একটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সরকারি সিটি কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর রূপ নিলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কলেজ প্রাঙ্গণে স্লোগান দিতে থাকে।


সংঘর্ষের সময় উভয় পক্ষের দুইজন করে মোট চারজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ বর্তমানে কলেজ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।