রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও অপর একজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আরও বহু হতাহতের আশঙ্কা রয়েছে।
এ প্রেক্ষাপটে উদ্ধার কার্যক্রমে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও স্থানীয় এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি—উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা দিন।”
শোকবার্তায় নিহতদের জন্য দোয়া করে জামায়াত আমির আরও বলেন, “আল্লাহ তা’য়ালা নিহতদের ক্ষমা করুন, তাঁদের শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং তাঁদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন।”





