রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের রক্ত দিতে ছুটে আসছেন সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা। সোমবার (২১ জুলাই) বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখা গেছে এমন মানবিক দৃশ্য।
ইনস্টিটিউটের আশপাশে কেউ হ্যান্ডমাইকে বিভিন্ন রক্তের গ্রুপের নাম উচ্চারণ করে দাতাদের ডাকছেন, কেউ আবার সম্ভাব্য রক্তদাতাকে দ্রুত নিয়ে যাচ্ছেন ব্লাড ব্যাংকে। কেউ হেঁটে, কেউ রিকশায় করে ছুটে এসেছেন হাসপাতালে রক্ত দিতে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসায় বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়েছে। তবে সাধারণ মানুষের আন্তরিক সাড়া এই সংকট কাটিয়ে ওঠার আশা জাগিয়েছে বলে জানিয়েছেন উপস্থিত স্বেচ্ছাসেবক ও চিকিৎসাকর্মীরা।
মানুষের এই দ্রুত সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে মানবতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রক্তদানে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ এখনো বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন।






