রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার তৎপরতার পর উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
উদ্ধারের পর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৪০ মিনিটে সাজিদের মৃত্যু নিশ্চিত করেন বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক। তিনি আরও বলেন, শিশুটির মরদেহ বাবার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতেই ফায়ার সার্ভিস কর্মীরা মাটির প্রায় ৫০ ফুট নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, এ ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হতে হবে।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, জমি থেকে মাটি আনতে গিয়ে একটি ট্রলি আটকে গেলে রাকিব ও তার স্ত্রী তাদের দুই বছরের সন্তানকে নিয়ে সেখানে যান। এ সময় শিশুটি মায়ের কোল থেকে নেমে হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের সেই গর্তে পড়ে যায়।





