বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে তার মূল লক্ষ্য হবে এলাকার উন্নয়ন।


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়টি জানান।


ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তিনি ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হই, তাহলে এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক পরিবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও উন্নত করা হবে। আমাদের আত্মসামাজিক ব্যবস্থাকেও শক্তিশালী করা হবে।”


ফখরুল জনগণের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আগের মতো আমাকে সমর্থন দিয়ে এবারও ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে জয় নিশ্চিত করুন। আপনারা আমাকে সহযোগিতা করবেন।”