ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে আশুগঞ্জ থেকে খাটিহাতা মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক ভয়াবহ যানজট ও খানাখন্দে পরিণত হয়েছে। এ পথে চলতে যাত্রীদের সময় লাগছে ২৪ ঘণ্টারও বেশি।
চলমান এই ভোগান্তির মধ্যে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খানের আসার খবরে তড়িঘড়ি করে শুরু হয়েছে সংস্কারকাজ। খানাখন্দ ভরাট, ইট বিছানো ও ধারে ধারে নির্মাণসামগ্রী রাখার কারণে যান চলাচলে নতুন করে বাধা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসচালক ও যাত্রীরা বলছেন, প্রতি ভিআইপি সফরের আগেই এমন দ্রুত সংস্কার হয়, কিন্তু কিছুদিন পরই সড়ক আবার আগের অবস্থায় ফিরে যায়।
সওজ সূত্র জানায়, ভারতকে ট্রানজিট সুবিধা দিতে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। ৫,৭৯১ কোটি টাকার এই প্রকল্পের কাজ ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড করছে।
৭–৮ বছরেও কাজ শেষ না হওয়ায় এবং বারবার বন্ধ হয়ে যাওয়ায় প্রকল্পে ধীরগতি দেখা দিয়েছে। যদিও সম্প্রতি ১৬৩ কোটি টাকা নতুন বরাদ্দ পাওয়া গেছে এবং সংশ্লিষ্টরা বলছেন, কাজ পুরোদমে শুরু হবে।
তবে স্থানীয় বাসিন্দাদের মতে, নিয়মিত তদারকি ও স্থায়ী সংস্কার ছাড়া ভিআইপি আগমনের আগের এই সাজসাজ রব কোনও স্থায়ী সমাধান নয়।





