লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি সূত্র জানায়, মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে আজিজুর রহমান বাচ্চু জয়ী হন। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। সভাপতি পদে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা এবং সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সম্রাট নির্বাচিত হন।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রতিনিধি নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান।






