এক শিক্ষার্থীর মৃত্যুতে যখন পুরো জাতি শোকাহত, তখন সেই শোকের ভার যেন আরও ভারী করে তুলল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরা দিয়াবাড়ীতে বিমান বিধ্বস্তে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আফসানের মরদেহ নিজ গ্রামে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়েছে। এতে চালকসহ গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।

নিহত তানভীর আফসান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভাদগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে। গত রোববার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সে নিহত হয়।

দুর্ঘটনার সময়ের বর্ণনা দিয়ে স্থানীয়রা জানান, হঠাৎ করেই অ্যাম্বুলেন্সটি বাঁ দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে উঠে যায়, তখনই ঘটে দুর্ঘটনাটি।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানার সার্জেন্ট শামীম বলেন, “আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আরেকটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহটি মির্জাপুরের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।”

একটি মৃত্যুই যেখানে গোটা জাতিকে স্তব্ধ করে দেয়, সেখানে সেই মৃত্যু যাত্রার সঙ্গেই জুড়ে গেল আরও এক শোকের অধ্যায়। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনা যেন মৃতের পরিবারের ওপর নতুন করে দুঃখের ভার চাপিয়ে দিল।