আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেন।


সাবেক সংসদ সদস্য তাহের বলেন, এবারের নির্বাচনে তিনটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। তার ভাষায়, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত, বিএনপি একা হয়ে পড়েছে এবং ডানপন্থী দলগুলোসহ চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো একত্রিত হয়েছে। তিনি বলেন, এমন ঐক্য আগে কখনো দেখা যায়নি। তার মতে, একদিকে রয়েছে হাতে গোনা কয়েকটি দল, অন্যদিকে পুরো বাংলাদেশ। ফলে এটি একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হতে যাচ্ছে।


নির্বাচন হবে না বলে যারা ষড়যন্ত্র করেছিল, তাদের পরিকল্পনা প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাহের আশা প্রকাশ করে বলেন, নির্বাচনটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা জানান।


মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।