ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত ‘জুলাই প্রদর্শনী ২০২৫’ নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ১ আগস্ট শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হওয়ার কথা ছিল ৫ আগস্ট। তবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা ৪ আগস্টই প্রদর্শনী সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়।

গণতান্ত্রিক ছাত্রসংসদ জানিয়েছে, ইসলামী ছাত্রশিবির ৫ আগস্ট একই স্থানে ‘আমরা থামবো না’ শীর্ষক একটি কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে। তাদের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার সুযোগ করে দিতেই প্রদর্শনীর সময়সীমা একদিন কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি আশা প্রকাশ করে, ভবিষ্যতেও এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হবে।