জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবি ২য় পত্র পরীক্ষায় নকল করার দায়ে এক মাদ্রাসা ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্র (কোড-৩৪৩)-এ আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার এক ছাত্রী নকল করে উত্তর লিখছিলেন। এ সময় কক্ষ পরিদর্শক তাকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম বিধি মোতাবেক ওই ছাত্রীকে বহিষ্কার করেন।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, “আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে ১ নম্বর কক্ষে এক ছাত্রী নকল করতে গিয়ে ধরা পড়ে। পরে নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।”

কেন্দ্র সচিব জাইদুল ইসলাম বলেন, “নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

জানা গেছে, অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার একমাত্র পরীক্ষার্থী ছিলেন ওই ছাত্রী। ফলে তার বহিষ্কারের পর চলতি দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির আর কোনো পরীক্ষার্থী অবশিষ্ট থাকলো না।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদ্রাসার সুপার জিয়াউর রহমান এবং আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান।