চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নানকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।


জানা গেছে, প্রথমে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্য শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এমন পরিকল্পনা ছিল। কিন্তু এর আগেই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনার গেটে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং প্রশাসনের পর স্বতন্ত্র সংসদ সদস্যের আগে ফুল দিতে চান বলে জানান।


এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ফুলের ডালা ভেঙে যায় এবং শহীদ মিনার এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা তৈরি হয়।


পরে পরিস্থিতি শান্ত হলে উপজেলা প্রশাসন, স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নানসহ অন্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।