টি-টেন ক্রিকেটে ইতিহাস গড়লেন আফগানিস্তানের ওপেনার উসমান গনি। ইংল্যান্ডে অনুষ্ঠিত ইসিএস টি-টেন লিগে এক ওভারে ৪৫ রান নিয়ে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড—যা পেশাদার ক্রিকেটে আগে কখনও দেখা যায়নি।

১ আগস্ট শুক্রবার লন্ডনের মাঠে অনুষ্ঠিত লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব বনাম গিলফোর্ডের ম্যাচে এই রেকর্ড গড়েন ২৮ বছর বয়সি এই ব্যাটার। লন্ডন কাউন্টির হয়ে ওপেন করতে নামা উসমান মাত্র ৪৩ বলে ১৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি হাঁকান ১৭টি ছক্কা ও ১১টি চার। তার স্ট্রাইক রেট ছিল ৩৫৫.৮১।

বিশেষ মুহূর্তটি আসে গিলফোর্ডের বোলার বিল এর্নির একটি ওভারে। ঐ ওভারে উসমান মারেন ৫টি ছক্কা ও ৩টি চার, যার মধ্যে ছিল ২টি নো বল ও একটি ওয়াইড বল। সবমিলিয়ে ঐ ওভারে রান হয় ৪৫, যা পেশাদার ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।

এমন ব্যাটিং তাণ্ডবে ভর করে লন্ডন কাউন্টি মাত্র ১০ ওভারেই সংগ্রহ করে ২২৬ রান—টি-টেন ক্রিকেটে এক বিশাল স্কোর। উসমানের ওপেনিং পার্টনার ইসমাইল ওয়াহারমানিও ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে করেন ৬১ রান।

টার্গেট তাড়ায় গিলফোর্ড সংগ্রহ করে ১৫৫ রান ৪ উইকেট হারিয়ে। ফলে ৭১ রানের বড় জয় পায় লন্ডন কাউন্টি।

উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হওয়া উসমান গনি এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে ১৭টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে এবার আন্তর্জাতিক মঞ্চের বাইরেও নিজের ব্যাটিং সামর্থ্যের দুর্দান্ত প্রমাণ দিলেন তিনি।