পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সহজ করতে “জনতার কল সেন্টার” উদ্বোধন করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক সুধী সমাবেশে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, সাধারণ মানুষের সমস্যা দ্রুত শোনা এবং কার্যকর সমাধান নিশ্চিত করতেই এই কল সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার যেকোনো প্রান্তের মানুষ সহজেই তাদের অভিযোগ, সমস্যা ও প্রয়োজন জানাতে পারবেন।

তিনি আরও বলেন, এই উদ্যোগ জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে দূরত্ব কমাবে এবং সেবাকে আরও গতিশীল ও কার্যকর করবে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা জনসেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এমপি জানান, একটি প্রশিক্ষিত টিম ২৪ ঘণ্টা কল সেন্টার পরিচালনা করবে এবং প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার কল সেন্টারের জন্য দুটি মোবাইল নম্বর—০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২—উল্লেখ করে তিনি বলেন, এসব নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। একই সঙ্গে প্রাঙ্ক কল ও মিথ্যা তথ্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

এসময় স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।