বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, আঙুলের ছাপ, চোখের মণির প্রতিচ্ছবি (আইরিশ) ও অন্যান্য তথ্য সংগ্রহের পর সেগুলো কেন্দ্রীয় ডেটাবেজে আপলোড করা হয়। অনুমোদন সম্পন্ন হলে সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে এনআইডি নম্বর তৈরি হয়। নম্বর জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গেই এনআইডি প্রস্তুত হয়ে যাবে।
ডিজি হুমায়ুন কবীর জানান, আগামী ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন হওয়ায় তারেক রহমানের এনআইডি প্রাপ্তির বিষয়টি নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তারেক রহমানের ভোটার হওয়ার আইনি প্রয়োজনীয়তা ও দীর্ঘ নির্বাসনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান কারাগারে ছিলেন। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় গত সাড়ে ১৭ বছরে তিনি জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারেননি।
সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থী হওয়ার জন্য ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক হওয়ায় দেশে ফিরে শনিবার তিনি সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন।
এনআইডি উইংয়ের ডিজি আরও বলেন, এনআইডি নম্বর তৈরির প্রক্রিয়ায় মানুষের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। কারো ক্ষেত্রে নম্বর তৈরি হতে ৫ ঘণ্টা লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে ১০ ঘণ্টারও বেশি সময় লাগে। তবে তারেক রহমানের ক্ষেত্রে দ্রুততম সময়ে এনআইডি প্রদানের জন্য সব ধরনের কারিগরি প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। ইতিমধ্যে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত ২২ ডিসেম্বর বিএনপির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে তার দেশে ফেরা ও ভোটার হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করে।
বর্তমানে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবন এলাকায় বাড়তি নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।





