শাপলা প্রতীক না পেয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে বেছে নিতে হচ্ছে নতুন প্রতীক। নির্বাচন কমিশন (ইসি) দলটিকে বেগুন, বালতিসহ ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে তালিকা থেকে যেকোনো একটি প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল। পরে তারা আবেদন সংশোধন করে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলার দাবি তোলে। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী এসব প্রতীক তালিকাভুক্ত না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
ফলে কমিশন নতুন তালিকা থেকে প্রতীক বেছে নিতে বলেছে। তালিকায় রয়েছে—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনসিপিসহ দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১৩টি দলের আবেদন এখনও পর্যালোচনায় রয়েছে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫২। ২০০৮ সালে চালু হওয়া নিবন্ধন প্রথায় এখন পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণ না করায় পাঁচটির নিবন্ধন বাতিল হয়। সম্প্রতি আদালতের রায়ে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতকে তালিকায় যুক্ত করেছে।





