আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লক্ষ্য নিয়ে তিনটি দল ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটটির ঘোষণা দেওয়া হয়।
নতুন রাজনৈতিক এই জোটে রয়েছে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আয়োজকরা জানান, সামনে জোটে আরও দল যুক্ত হতে পারে। তবে গণঅধিকার পরিষদের যোগদানের কথা শোনা গেলেও অনুষ্ঠানস্থলে তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আগামী নির্বাচনে জোটের প্রার্থীরা একটি অভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।
এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের তিন দলীয় জোটের নাম 'গণতান্ত্রিক সংস্কার জোট'
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করছে, তাদের সেই আকাঙ্ক্ষার দিকেই আজকের এই যাত্রা।





