জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আসিফ মাহমুদকে দলে স্বাগত জানিয়ে বলেন, আজ থেকেই তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং এই দায়িত্ব এখন থেকে পালন করবেন আসিফ মাহমুদ।
পরে নাহিদ ইসলাম বলেন, আজ এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এবারের নির্বাচনে অংশ নেবেন না। একই সঙ্গে তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও সামলাবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার চেয়ে আন্দোলনের সহযোদ্ধাদের সংসদে পৌঁছাতে ভূমিকা রাখতে পারলে সেটিই তার কাছে বড় অর্জন। পাশাপাশি তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
\r\n\r\n\r\n\r\n\r\n
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে এনসিপির পক্ষ থেকে সারাদেশে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে জোটের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি।





