জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও কয়েকটি দল মিলে নতুন একটি “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু আজকের পত্রিকাকে জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহী দলগুলো এই যৌথ প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। তিনি বলেন, আজকের সংবাদ সম্মেলনেই জোটের নাম ও কাঠামো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
জাতীয় নাগরিক পার্টিও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অঙ্গীকার ধরে রেখে নতুন রাজনৈতিক সমন্বয়ের লক্ষ্যেই এই জোটের যাত্রা শুরু হচ্ছে।
\r\nরাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া জানান, আপাতত তিনটি দল নিয়ে এই রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠন হচ্ছে। আরও কয়েকটি দল পরবর্তীতে যুক্ত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।





