জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থে আমাদের দল এককভাবেও নির্বাচনে অংশ নিতে পারে। এছাড়া কোনো জোটের মাধ্যমে অংশগ্রহণ করলেও নির্বাচন হবে এনসিপির নামে। আমরা আশা করি, শাপলা প্রতীকেই নির্বাচন করব।’
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, ‘আইনগত কোনো বাধা নেই, তাই আমরা আশা করি স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাবমুক্ত ও স্বচ্ছভাবে আমাদের শাপলা প্রতীক নিশ্চিত করবে।’
ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে সারজিস আলম বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হলে এবং গণ–অভ্যুত্থান পরবর্তী হত্যার বিচার দৃশ্যমান হলে আমাদের দলের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও জানিয়েছিলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার আগামী ডিসেম্বরে কার্যকর হবে। এই আস্থা পেলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বাধাহীনভাবে আয়োজন করা সম্ভব।’
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিষয়ে তিনি জানান, ‘এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে অবস্থান নিয়েছে। তবে এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নয়। আমরা মনে করি, উচ্চকক্ষে পিআর বাস্তবায়নযোগ্য হলে সফলতা দেখে আগামী দিনে জনগণ নিম্নকক্ষে সিদ্ধান্ত নেবে।’
সমন্বয় সভার সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





