জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে হুমকি আসছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সামান্তা শারমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুমির মৃত্যু এনসিপি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না। তিনি দাবি করেন, জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার কোনও ব্যবস্থা রাখা হয়নি। এছাড়া নির্বাচন এমনভাবে পরিচালিত হচ্ছে, যেখানে প্রশাসনের কোনও স্পষ্ট রূপরেখা নেই।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রুমিকে আগে থেকেই হুমকি দেওয়া হয়েছিল এবং তিনি বুলিংয়ের শিকার হয়েছেন। সামান্তা শারমিন অভিযোগ করেন, এনসিপি ও শহিদ পরিবারের ওপর ধারাবাহিকভাবে হুমকি আসছে।
তিনি আরও বলেন, “দিল্লি, রাওয়ালপিন্ডি ও আমেরিকার স্বার্থ রক্ষা করার কারণে নির্বাচন ব্যবস্থায় পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন ও নির্বাচন সংস্কারের দিকে মনোযোগ দেওয়া জরুরি। এছাড়া কোনও তথ্য গোপন করা হলে চলবে না।”
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাইবার বুলিংয়ের শিকার নারীদের যথাযথ নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না। এমন পরিস্থিতিতে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।
ব্রিফিংয়ে সামান্তা শারমিন অভিযোগ করেন, তার বিপক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে দলগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





