জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তিনি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে গত ২৫ ডিসেম্বর সকালে নিজের ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। তিনি জানান, দলের সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করছেন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না।


এনসিপিতে তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।


পদত্যাগপত্রে মীর আরশাদুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসে দলটি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দল ও নেতৃত্ব ভুল পথে পরিচালিত হচ্ছে। সে কারণেই এনসিপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হলেও বাস্তবে সেই পরিবর্তন আসেনি। গণঅভ্যুত্থানে ব্যাপক আত্মত্যাগের পরও দেশে শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।


বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রে উত্তরণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি ও জোটের সরকার গঠনের বিকল্প নেই বলে মনে করেন মীর আরশাদুল হক। তারেক রহমানের নেতৃত্ব, রাজনৈতিক ভিশন ও বিভিন্ন খাতে বাস্তবসম্মত পরিকল্পনাই তাকে বিএনপিতে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি।


সবশেষে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হুজুগ বা পপুলিজমে না ভেসে দেশের ভবিষ্যৎ ও জনকল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সমর্থন দেওয়া উচিত।