সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্মাতাদের কাজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা পাওয়াকে চলচ্চিত্রক্ষেত্রে বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন ঢালিউড নির্মাতা ও কলাকুশলীরা। তাদের মতে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘ওমর’-এর আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে যুক্ত হওয়ায় এ যাত্রা আরও এক ধাপ এগিয়েছে।


‘ওমর’ থ্রিলার, টুইস্ট এবং হালকা কমেডিতে সমৃদ্ধ একটি সিনেমা। আন্তর্জাতিক দর্শককে লক্ষ্য করে এতে ইংরেজি সাবটাইটেলও যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা শরীফুল রাজ।


সিনেমার নামকরণ করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং কিংবদন্তি নায়ক মান্নাকে। সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম, চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ এবং শিল্পনির্দেশনায় ছিলেন সামুরাই মারুফ।


সিনেমার সংগীতেও রয়েছে বৈচিত্র্য। গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথার কাজ করেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার গল্পে উঠে এসেছে রহস্য ও উত্তেজনা। শুরুতেই বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। ঘটনাস্থলে থাকা ওমর ও বদি একে অপরকে দায়ী করতে থাকেন। ভয় পেয়েই তারা লাশ লুকানোর সিদ্ধান্ত নেন। এরপর গল্পে একের পর এক রহস্য, টুইস্ট ও উত্তেজনা চলে। দর্শককে শেষ পর্যন্ত টেনে রাখে ওমর ও বদির পরিণতি।

\r\n\r\n\r\n\r\n\r\n

শরীফুল রাজ ওমরের ভূমিকায় অভিনয় করেছেন। বদির চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে। এছাড়া শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজী সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা সহ আরও অনেকে সিনেমায় অভিনয় করেছেন। একটি বিশেষ দৃশ্যে দেখা গেছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিককে।