দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তার বিপরীতে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মাণ করছেন নতুন সিনেমা ‘বিদায়’, যেখানে প্রথমবার একসঙ্গে কাজ করছেন এই দুই প্রজন্মের তারকা।


প্রযোজক শাহরিন আক্তার জানান, “আমাদের আগের ছবি বরবাদ-এর পর সিয়ামকে নিয়ে আরেকটি প্রজেক্ট করার পরিকল্পনা ছিল। আপাতত সেটি স্থগিত রেখে বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে *বিদায়* ছবির কাজ শুরু করেছি। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পুরো পরিবার মিলে দেখার মতো।”


গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ছবির শুটিং। সোমবার থেকে বাপ্পারাজের অংশের দৃশ্যধারণ চলছে। ছবিতে তিনি অভিনয় করছেন চেয়ারম্যানের চরিত্রে। শুটিংয়ে আরও অংশ নিচ্ছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ একাধিক পরিচিত মুখ।


গল্প নিয়ে বিস্তারিত কিছু না জানালেও বাপ্পারাজ বলেন, “চুক্তির শর্ত অনুযায়ী আপাতত ছবির বিষয়ে কিছু বলা যাচ্ছে না। শুটিং শেষ হলে মাসের শেষে বিস্তারিত জানাতে পারব।”

প্রযোজনা সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে সুনামগঞ্জে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশেও কিছু দৃশ্য ধারণ করা হবে। গল্পে উঠে আসবে এক প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন ও সেই যাত্রাপথের মানবিক টানাপোড়েন।

প্রযোজক শাহরিন আক্তার বলেন, “অনেকে জানতে চান, ছবির নায়ক কে? আসলে এই ছবির আসল নায়ক হলো এর গল্প। আমরা এমন একটি সিনেমা বানাতে চাই, যা দর্শকের মনে মানবিকতার বার্তা পৌঁছে দেবে।”

‘বিদায়’ ছবিটি আগামী ঈদ বা বছরের অন্য কোনো উৎসব মৌসুমে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণ করা হচ্ছে।