বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে প্রথমেই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার খোঁজখবর নেন। এরপর তিনি ধানমণ্ডিতে নিজের মায়ের বাসার উদ্দেশে রওনা হন।
বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন তিনি।
এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়ার নির্ধারিত লন্ডন যাত্রা পেছাতে হয়েছে। বিএনপি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে অ্যাম্বুল্যান্সটি শুক্রবার আসেনি। সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। মেডিক্যাল বোর্ড অনুমতি দিলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনের একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। তিনি বলেন, “এয়ার অ্যাম্বুল্যান্স এলে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে চিকিৎসকরাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেবেন তিনি যাত্রার উপযুক্ত কি না।”





