সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারির (লেগ-২) রিকার্ভ পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ। আজ শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত ফাইনালে তিনি ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

\r\n

শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ১৯ বছর বয়সী আলিফ। প্রথম দুই সেটে জাপানিজ প্রতিপক্ষকে টানা হারিয়ে ২৮-২৭ ও ২৯-২৮ পয়েন্টে এগিয়ে যান। তবে তৃতীয় ও চতুর্থ সেটে লড়াইয়ে ফিরেন গাকুতো, ফলাফল ২৮-২৭ ও ২৭-২৬—ফলে ম্যাচ সমতায় ফিরে আসে।

\r\n

ফয়সালার পঞ্চম সেটে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন আলিফ। ২৯-২৬ পয়েন্টে জয় তুলে নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন এই প্রতিভাবান বাংলাদেশি আর্চার।

\r\n

এই জয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারিতে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হলো।