মোঃ জাফর আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে কন্টেইনারে তেল দেওয়ার অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মোঃ ওমর ফারুকের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পুলিশের উপস্থিতিতেই, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কদিমচিলান এলাকার সাদিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, তেল সংকটের কারণে যেখানে সাধারণ মোটরসাইকেল চালকদের ১০০ টাকার সীমিত তেল দেওয়া হচ্ছিল, সেখানে গোপনে তিনটি ৫০ লিটারের কন্টেইনারে তেল সরবরাহ করা হচ্ছিল। এ অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী তাকে বাধা দেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

একপর্যায়ে পুলিশের সামনেই ৫-৬ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় এবং কিল-ঘুষিতে তাকে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত আব্দুল বারী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু ভিডিও করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে অন্যরা উত্তেজিত হয়ে মারধর করেছে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মুজিবুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও তেল সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সচেতন মহল দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।