এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুবাইয়ে রাত সাড়ে ৮টায় গড়াবে এই লড়াই। ঐতিহাসিক এই ম্যাচের আগে আলোচনায় দুই দলের সম্ভাব্য একাদশ।
প্রথম দুই ম্যাচেই একপেশে হেরে ফাইনালে উঠেছে পাকিস্তান। এবার কি নতুন একাদশে ঘুরে দাঁড়াতে পারবে তারা? ওপেনিংয়ে সাহিবজাদা ফারহান ও ফখর জামান থাকবেন নিশ্চিতভাবেই। তবে তিন নম্বরে ব্যাট করতে নামবেন সাইম আইয়ুব কিনা, সেটি নিয়ে রয়েছে প্রশ্ন। এশিয়া কাপে এখনও পর্যন্ত ব্যর্থ এই ব্যাটার ৬ ম্যাচে করেছেন মাত্র ২৩ রান।
তবে অধিনায়ক সালমান আলি আগা, হোসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফকে ঘিরেই গড়া হবে মিডল ও লোয়ার অর্ডার। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি, তার সঙ্গে থাকবেন হারিস রউফ ও স্পিনে দুর্দান্ত ফর্মে থাকা আবরার আহমেদ।
অন্যদিকে অপরাজিত থেকে ফাইনালে ওঠা ভারত একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শঙ্কা রয়েছে হার্দিক পান্ডিয়ার ইনজুরি নিয়ে। যদি তিনি খেলতে না পারেন, তবে তার জায়গায় দেখা যেতে পারে হার্ষিত রানা বা আর্শদ্বীপ সিংকে।
ভারতের ব্যাটিং লাইনআপে ওপেনিং করবেন দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা ও শুভমান গিল। এরপর থাকবেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। শেষদিকে রান বাড়াতে ভরসা হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে ও অক্ষর প্যাটেল।
বোলিংয়ে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গী শিভাম দুবে, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে পারবেন অক্ষর প্যাটেলও।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।





