ক্লিকের পর ক্লিক, আর তাতেই বদলে যাচ্ছে একের পর এক মানুষের জীবন। শহরজুড়ে ফাঁস হচ্ছে ব্যক্তিগত ভিডিও-অন্ধকার, আতঙ্ক আর রহস্যে মোড়ানো এই সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।
আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমাটি গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
শনিবার দুপুরে সিনেমাটির প্রায় এক মিনিটের একটি টিজার প্রকাশ করেছে আইস্ক্রিন। টিজারটি প্রকাশ করে তারা লিখেছে, “সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য-এক তদন্তকারীর চোখে রহস্য উন্মোচনের গল্প ‘নীলচক্র’।”
‘নীলচক্র’ শব্দটির মধ্যেই যেন লুকিয়ে আছে এক অজানা নীল বিষণ্নতা, এক ভয়াল অন্ধকারের প্রতীক।
পরিচালক মিঠু খান বলেন,
“আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে সমাজে আড়ালে ঘটে চলা এক নিষিদ্ধ কিন্তু বাস্তব অপরাধজগতের ছায়া। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে কাজ খুব একটা হয়নি। ‘নীলচক্র’-এর প্লট যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।”
সিনেমাটিতে ব্লু ফিল্ম র্যাকেট ও সাইবার প্রতারণার ভয়াবহ বাস্তবতা ফুটে উঠেছে এক তদন্তকারীর অনুসন্ধানের মধ্য দিয়ে।
যদিও আইস্ক্রিন এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ জানায়নি, প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে-খুব শিগগিরই দর্শকরা এই আলোচিত সাসপেন্স থ্রিলারটি দেখতে পাবেন তাদের পর্দায়।
‘নীলচক্র’ সিনেমায় শুভ ও মন্দিরার সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, ও মাসুম রেজওয়ান প্রমুখ।





