জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পাশাপাশি পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনও করা হয়েছে।


রোববার (৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ এই অভিযোগ দাখিল করা হয়। বর্তমানে এ মামলায় ফজলে করিমসহ চারজন গ্রেপ্তার রয়েছেন। অন্য গ্রেপ্তাররা হলেন যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম এবং মো. ফিরোজ।


মামলার সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফজলে করিমকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় কলেজছাত্র ওয়াসিম আকরাম নিহত হন। পরে ১৮ আগস্ট পাঁচলাইশ থানায় তার মা জোছনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ফজলে করিমসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।